Tense শিখুন মাত্র ১০ মিনিটে! আপনি নিজেই অবাক হবেন (সহজ টেকনিক)
ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো Tense। অধিকাংশ শিক্ষার্থী এটি মুখস্থ করার চেষ্টা করে এবং পরে ভুলে যায়। আজ আমরা 'শিক্ষার পাঠশালা' ব্লগে এমনভাবে tense শিখব, যাতে এটি আপনার মনে ছবির মতো গেঁথে থাকে। কনটেন্টটি একটু বড় হলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত পড়লে আপনি নিজেই অবাক হবেন!
Tense:
কোন কাজ সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। যেমন: আমি খেয়েছিলাম (কাজটি অতীতে হয়েছিল), আমি খাচ্ছি (কাজটি বর্তমানে চলছে), আমি খাব (কাজটি ভবিষ্যতে হবে)।
Tense এর প্রকারভেদ:
Tense প্রধানত তিন প্রকার:-
- Present tense (বর্তমান কাল)
- Past tense (অতীত কাল)
- Future tense (ভবিষ্যত কাল)
১. Present Tense (বর্তমান কাল)
বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে Present Tense বলে। যেমন: আমি খাই (I eat), তারা ফুটবল খেলছে (They are playing football) ইত্যাদি।
Present tense চার প্রকার:-
ক) Present Indefinite tense:
যে Tense দ্বারা সাধারণভাবে কোন কাজ করা বা হওয়া অথবা চিরন্তন সত্য বোঝায় তাকে present indefinite tense বলে।
গঠন প্রণালী: Subject + Verb (Present Form) + Extension. (Subject 3rd person ও singular হলে Verb-এর সাথে s/es বসে)
যেমন: (আমি যাই–I go) সাধারণ কাজ, (সে অফিসে যায়–He goes to office) সাধারণ কাজ। সূর্য পূর্ব দিকে ওঠে। (The sun rises in the east) চিরন্তন সত্য। (মানুষ মরণশীল–Man is mortal) চিরন্তন সত্য ইত্যাদি।
সহজ ব্যাখ্যা: আপনি প্রতিদিন বা সব সময় অভ্যাসগত ভাবে যা করেন যেমন: আমি প্রতিদিন ওষুধ খাই (I take medicine every day), সে প্রতিদিন বাজারে যায় (He goes to market every day), তারা গান গায় (They sing songs) ইত্যাদি এবং যা সবসময় সত্যি অর্থাৎ চিরন্তন সত্য যেমন: বরফ পানিতে ভাসে (Ice floats on water), পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে (The Earth moves round the Sun) ইত্যাদি এ ধরনের সকল বাক্যই Present Indefinite Tense।
খ) Present Continuous tense:
যে tense দ্বারা বর্তমানে কোন কাজ করা হচ্ছে বুঝায় তাকে present continuous tense বলে।
গঠন প্রণালী: Subject + am/is/are + Verb+ing + Extension.
সহজ ব্যাখ্যা: আপনার চোখের সামনে এখন যা ঘটছে। অর্থাৎ কাজটি এখনো থামেনি, চলছে।
উদাহরণ: I am reading a post (আমি একটি পোস্ট পড়ছি), ভাত রান্না করা হচ্ছে–The rice is being cooked. উপরের দুটি কাজই চলমান এখনো শেষ হয়নি।
গ) Present Perfect tense:
কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে Present Perfect Tense বলে। সহজ কথায়, কাজটি অতীতে (কিছুক্ষণ আগে বা বেশ কিছুকাল আগে) সম্পন্ন হলেও তার প্রভাব বা রেশ শেষ হয়ে যায়নি যেমন: (আমি ভাত খেয়েছি–I have eaten rice), সে একটি ছবি এঁকেছে–he has drawn a picture
গঠন প্রণালী (Structure): Subject + have/has + Verb (Past Participle form) + Extension.
সহজ ব্যাখ্যা: এটি খুব মজার! কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেশ বা ফল আপনার ওপর এখনো আছে বা ফল এখনো বিদ্যমান। যেমন: ধরুন আপনি ভাত খেয়েছেন, আপনার পেট এখনো ভরা আছে—অর্থাৎ খাওয়ার কাজ শেষ কিন্তু ফল (পেট ভরা থাকা) এখনো বিদ্যমান। আবার সে একটি ছবি এঁকেছে। সে ছবিটি ৫ মিনিট আগে এঁকে শেষ করে ফেলেছে কিন্তু ছবিটি এখনো আপনার সামনে আছে অর্থাৎ এর ফল এখনও রয়ে গেছে।
ঘ) Present Perfect Continuous tense:
কোনো কাজ পূর্ব থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে বা বিরতিহীনভাবে হচ্ছে—এরূপ বোঝালে ভার্ব-এর যে রূপ হয়, তাকে Present Perfect Continuous Tense বলে।
গঠন প্রণালী (Structure): Subject + have been/has been + Verb+ing + Extension + (Since/For + Time).
যেমন: (আমি দুই ঘণ্টা ধরে বই পড়ছি– I have been reading the book for two hours), (সকাল থেকে বৃষ্টি হচ্ছে–It has been raining since morning.)
২. Past Tense (অতীত কাল)
ক্রিয়ার কোনো কাজ যখন অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বোঝায়, তখন তাকে Past Tense বলে।
সহজ কথায়, যে কাজগুলো আগে হয়ে গেছে, এখন আর হচ্ছে না বা বর্তমানে যার অস্তিত্ব নেই, তাকেই Past tense বলা হয়। যেমন: (সে গতকাল ঢাকা গিয়েছিল–He went to Dhaka yesterday.)
Past tense চার প্রকার:
ক) Past Indefinite tense:
গঠন প্রণালী: Subject + Verb (Past Form) + Extension.
উদাহরণ: সে বাজারে গিয়েছিল (He went to market).
খ) Past Continuous tense:
গঠন প্রণালী: Subject + was/were + Verb+ing + Extension.
উদাহরণ: আমি একটি বই পড়ছিলাম–I was reading a book. (এখানে Subject 'I' হওয়ার কারণে was ব্যবহৃত হয়েছে।), (তারা ফুটবল খেলছিল–They were playing football. (এখানে Subject 'They' (Plural) হওয়ার কারণে were ব্যবহৃত হয়েছে।)
গ) Past Perfect tense:
গঠন প্রণালী: Subject + had + Verb (Past Participle) + Extension.
উদাহরণ: ডাক্তার আসার আগে রোগী মারা গেল (The patient had died before the doctor came). এখানে রোগী মারা যাওয়ার কাজটা আগে ঘটেছে।
ঘ) Past Perfect Continuous tense:
গঠন প্রণালী (Structure): Subject + had been + Verb+ing + Extension + (Since/For + Time).
উদাহরণ: সে দুই ঘণ্টা ধরে পড়ছিল। (অতীতের কথা বলা হচ্ছে)–He had been reading for two hours.
(আমি যখন স্টেশনে পৌঁছালাম, তখন এক ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল–It had been raining for an hour when I reached the station.)
একটি সহজ পার্থক্য মনে রাখার কৌশল:
Past Continuous: সে ভাত খাচ্ছিল (He was eating rice). — এখানে সময়ের উল্লেখ নেই।
Past Perfect Continuous: সে ১০ মিনিট ধরে ভাত খাচ্ছিল (He had been eating rice for 10 minutes). — এখানে সময়ের উল্লেখ আছে।
৩. Future Tense (ভবিষ্যৎ কাল)
ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোঝালে তাকে Future Tense বলে। এটিও চার প্রকার:-
ক) Future Indefinite tense:
ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হবে—এরূপ সাধারণ অর্থ বোঝালে ভার্বের যে রূপ হয়, তাকে Future Indefinite Tense বলে।
গঠন প্রণালী: Subject + shall/will + Verb (Base Form) + Extension.
সহজ ব্যাখ্যা: ভবিষ্যতে কিছু ঘটবে। মনে রাখবেন, এখানে সব সময় Will থাকবে।
উদাহরণ: I will learn English (আমি ইংরেজি শিখব)।
খ) Future Continuous tense:
ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বা হতে থাকবে—এরূপ বোঝালে verb এর যে রূপ হয়, তাকে Future Continuous Tense বলে।
গঠন প্রণালী: Subject + shall be/will be + Verb+ing + Extension.
সহজ ব্যাখ্যা: ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে।
উদাহরণ: I will be watching TV (আমি টিভি দেখতে থাকব)।
গ) Future Perfect:
ভবিষ্যৎকালে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বা সম্পন্ন হয়ে থাকবে বোঝালে, তাকে Future Perfect Tense বলে।
গঠন প্রণালী (Structure): Subject + shall have/will have + Verb (Past Participle form) + Extension.
সহজ ব্যাখ্যা: ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে থাকবে।
উদাহরণ: (I will have finished the book by Sunday–আমি রবিবারের মধ্যে বইটি শেষ করে থাকব), (বাবা আসার আগেই আমি ভাত খেয়ে ফেলব–I shall have eaten rice before father comes.)
ঘ) Future Perfect Continuous tense:
ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অন্য একটি কাজ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত দীর্ঘসময় ধরে চলতে থাকবে—এরূপ বোঝালে তাকে Future Perfect Continuous Tense বলে।
গঠন প্রণালী (Structure): Subject + shall have been/will have been + Verb+ing + Extension.
সহজ ব্যাখ্যা: ভবিষ্যতে অনেক সময় ধরে কোনো কাজ চলতে থাকবে।
উদাহরণ: I will have been playing for one hour (আমি এক ঘণ্টা ধরে খেলতে থাকব)।
নোট: বর্তমানে কথ্য এবং লিখিত উভয় ইংরেজিতেই I এবং We-এর পরে 'Will have' সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি এখন সর্বজন গৃহীত এবং ব্যাকরণগতভাবে ভুল ধরা হয় না
এক নজরে ১২টি টেন্সের মাস্টার চার্ট
| প্রকারভেদ | Present (বর্তমান) | Past (অতীত) | Future (ভবিষ্যৎ) |
|---|---|---|---|
| Indefinite | I eat | I ate | I will eat |
| Continuous | I am eating | I was eating | I will be eating |
| Perfect | I have eaten | I had eaten | I will have eaten |
| P. Continuous | I have been eating | I had been eating | I will have been eating |
উপসংহার: টেন্স মুখস্থ করার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। এই পোস্টটি আপনার কেমন লাগল এবং আপনার আর কোন বিষয়ে সাহায্য প্রয়োজন, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান!

Comments
Post a Comment